কোহিনূর আলমঃ আবহমান বাংলা ও বাঙালির বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন একটি ঐতিহ্য ও আনন্দের দিন। এই দিনকে ঘিরে মানব সেবার ব্রত নিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় প্রতি বছরের মতো ব্যতিক্রমধর্মী এক এতিম মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা আড়াইটায় কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামে গিয়ে দেখা, একটি সমাধির কাছাকাছি শত শত এতিম, মিসকিন ও ভক্ত— শিষ্যদের পদচারণায় এক ভিন্ন মাত্রায় পহেলা বৈশাখকে বরণ করা হচ্ছে । বিভিন্ন এলাকা থেকে আগত এতিম ও মিসকিনদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে অন্ন, প্রসাদ ও বস্রসহ নানান কিছু বিতরণ করা হচ্ছে। মূলত আধ্যাত্মিক সাধক পরিতুষ সাধুর স্মরণে ৩৩তম এ মেলার আয়োজন। এলাকাবাসী ও পারিবারিক আয়োজনে সাধুর শিষ্য ও আশেকানবৃন্দের সার্বিক সহযোগিতায় প্রতি বছরই এ এতিম সেবা বা মেলা অনুষ্ঠিত হয়। প্রয়াত সাধুর জ্যেষ্ঠ ছেলে পবিত্র দাস পলাশের কথা হলে তিনি জানান, বাবার ভক্তবৃন্দ, এলাকাবাসী ও সমাজের ধনাঢ্যদের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, বাবা জীবিতকালেই এই এতিম সেবা বা মেলার আয়োজন করতেন। সেই ধারাবাহিকতায় আমরাও এই সেবা অনুষ্ঠান চালিয়ে আসছি। এ বিষয়ে কেন্দুয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম বলেন, আধ্যাত্মিক সাধক পরিতুষ সাধুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিলো। তিনি ছিলেন, অত্যন্ত আধ্যাত্মিক ও মানবহিতৈষী সাধক। এ মেলার উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করেন তিনি। প্রসঙ্গত ১৯৫১ সালে পালড়া গ্রামের পূর্বপাড়ায় তাঁর জন্ম। ২০০৪ সালের ১৭ মার্চ তাঁর আধ্যাত্মিকতা ও মানবহিতৈষী কাজের জন্যে দুষ্কৃতকারী দ্বারা নির্মমভাবে হত্যার শিকার হোন। পরে শেষ ইচ্ছে অনুযায়ী তাঁকে সমাধিস্থ করা হয়।
Leave a Reply