বিশেষ প্রতিনিধিঃ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিবেশ আরও মনোরম করে তোলার লক্ষ্যে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বিভিন্ন মন্দির ও মহাশ্মশানঘাটে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পৌর মহাশ্মশানঘাটে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মন্দির ও শ্মশানঘাটের পরিবেশ আরও সবুজ ও নান্দনিক করে তুলতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় পৌর মহাশ্মশানঘাট ছাড়াও মাইলোড়া রামকৃষ্ণ মঠ ও মন্দির, কালী মন্দির, লোকনাথ মন্দির, বড়তলী গ্রামের শম্ভুচাঁন আখড়া মন্দিরসহ উপজেলার মোট সাতটি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নিবারণ সাহা রায় নান্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি অমল চন্দ্র সরকার, সম্পাদক কমল রায়, পৌর মহাশ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি ডা. গৌতম রায় এবং সম্পাদক বিলাশ বণিক। এছাড়াও উপস্থিত ছিলেন মিহির গোস্বামী, বিপ্লব রায়, বিকাশ দাশসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণে অংশ নেন।
Leave a Reply