কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গরু চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন দুই চোর। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন—কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের উদাপাড়া গ্রামের মৃত শামলালের মেয়ের জামাই শ্রী নয়ন (২৮) এবং একই ইউনিয়নের শিবপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে শামীম (২৫)। শুক্রবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভোরে দুই ব্যক্তি একটি গরু নিয়ে চলাফেরা করছিলেন। সন্দেহ হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তারা গরু চুরির কথা স্বীকার করেন। এরপর স্থানীয়রা লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে বিষয়টি জানিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন। এদিকে শিবপুর গ্রামের গরুর মালিক লাভলু মিয়া গরুটি তার বলে নিশ্চিত করেছেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply