মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে পূর্ব—বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৪ নারীসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বড়কাশিয়া—বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর নয়াবাড়ি গ্রামের সোহেল মিয়া ও একই গ্রামের জুলহাস মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আশঙ্কাজনক অবস্থায় সোলেমা আক্তার (২৫),সেলিম মিয়া (৪০), খোকন মিয়া (৪৫), সোহেল মিয়া (৪০), শামীম মিয়া (২৩) নামে ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও ৩ নারীসহ আহত ৭ জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোহল মিয়া (৪০) ও জুলহাস মিয়া (৩৫) তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। হাসপাতাল, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়ারচর নয়াবাড়ি গ্রামের বাসিন্দা সোহেল মিয়া ও তার চাচাতো ভাই জুলহাস মিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমির ভাগবাটোয়ারাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল সাড়ে আটটার দিকে সোহেল মিয়া তার লোকজনদের নিয়ে বাড়ির পাশের বিরোধপূর্ণ একটি জমিতে গিয়ে ওই জমির আইল কাটা শুরু করেন। পরে খবর পেয়ে প্রতিপক্ষের জুলহাস মিয়া তার লোকজন নিয়ে সেখানে গিয়ে সোহেল মিয়াসহ তার লোকজনদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা—কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের ৪ নারীসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply