স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার নেত্রকোণা পাবলিক হলে অনুষ্ঠিত হয়। বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। নেত্রকোণা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। প্রথম অধিবেশন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোট গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নেত্রকোণা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বিজয়ী হন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন তাজ উদ্দিন ফারাস সেন্টু। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সাবেক জেলা বিএনপির অর্থ সম্পাদক, সাবেক নেত্রকোণা জেলা ছাত্রদলের আহ্বায়ক, সাবেক নেত্রকোণা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাবেক নেত্রকোণা পৌর ছাত্রদলের আহ্বায়ক ও সাবেক খেলাধূলা সম্পাদক নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রসংসদ। দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোঃ মজিবুর রহমান খান প্রাপ্ত ভোট ৪২৪, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাজেজুল ইসলাম ফারাস সুজাত পান ৪১৭ ভোট, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোঃ তাজ উদ্দিন ফারাস সেন্টু প্রাপ্ত ভোট ৪৭৮ পেয়ে বিজয়ী হন ও তাঁর প্রতিদ্বন্দ্বী এড. আব্দুর রাজ্জাক ৩৬৩ ভোট প্রাপ্ত হন। দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমুখ।
Leave a Reply