মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মাইলোরা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) মোহনগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে এবং তাদের মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জমিজমা-সংক্রান্ত বিরোধে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। মব জাস্টিস থেকে বিরত থাকা, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, আত্মহত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন হওয়া, ওরশ ও মাজারকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলা এবং মোবাইল ফোন বা অনলাইন মাধ্যমে সংঘটিত প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। মতবিনিময় সভার শেষ পর্যায়ে দেশ, জাতি ও সর্বস্তরের মানুষের শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনা করে বক্তব্য সমাপ্ত করা হয়। এ সময় মাইলোরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।
Leave a Reply