গোলাম শাহ্দাত খান সোহেলঃ নেত্রকোণায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা সদরের বাংলা এলাকায় এ অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ময়মনসিংহ কার্যালয়ের একটি দল। আটক ব্যক্তিরা হলেন—নেত্রকোণা সদরের মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), মুক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মো. আল রিফাত চৌধুরী জয় (২২) এবং একই এলাকার মাহমুদুল হাসান রাফি (২২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, আজ মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে নেত্রকোণা সদরের বাংলাবাজার এলাকায় নেত্রকোনা—মোহনগঞ্জ সড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় জেলা শহরগামী একটি সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ওই প্রাইভেটকারে ১ হাজার ১৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। পরে প্রাইভেটকারে থাকা চারজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মামলার পর ওই চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply