নিজস্ব প্রতিনিধিঃ দেশ বরেণ্য কথা সাহিত্যিক হিমুর কারিগর হুমায়ূন আহমেদ স্মরণে নেত্রকোণায় হিমুদের “স্মরণকথন” অনুষ্ঠিত হয়েছে। হিমু পাঠক আড্ডার আয়োজনে রোববার (১৯ জুলাই) দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের ছাদনাতলা উন্মুক্ত মিলনায়তনে স্মরণকথনে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিকসহ হুমায়ূন ভক্তরা। প্রিয় লেখকের ১৪তম প্রয়াণ দিবসে নিজ জেলা নেত্রকোণায় “স্মরণ কথন” অনুষ্ঠানে লেখকের কর্ম ও জীবন নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের উপদেষ্টা লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে লেখকের সাহিত্যকর্ম তুলে ধরে আলোচনা করেছেন ছড়াকার প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রফেসর নাহিদ ফেরদৌস, নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান, নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক—সাংস্কৃতিক সংগঠন প্রধানগন। হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সঞ্চালনায় শুরুতেই কালোব্যাজ ধারণ করা হয়। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রিয় লেখকের কালজয়ী সিনেমাগুলো কিভাবে সমাজে প্রভাব ফেলেছে এবং তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছ তা তুলে ধরা হয়। স্মরণকথনে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন বয়সের হুমায়ূন ভক্তরা লেখকের উপন্যাস বিশ্লেষণসহ আগামী প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজন করার আহবান জানান। এছাড়াও লেখকের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জের শেখ বাড়িতে লেখকের জন্মঘরে দোয়া মাহফিল ও পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত শহিদ স্মৃতি বিদ্যাপীঠে কুরআন খতমসহ শোক পালন করা হয়। উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর মায়ের প্রথম সন্তান এবং নানার বাড়ির প্রথম নাতি হওয়ায় মোহনগঞ্জের শেখ বাড়িতে নানা আয়োজন করা হয়। কিংবদন্তি এই লেখক ২০১২ সালের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় আমেরিকায় মারা যান। লেখক নিজ গ্রামে পৈত্রিক ভিটায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে গেছেন।
Leave a Reply