কলমাকান্দা প্রতিনিধিঃ গত ১৬ আগস্ট কলমাকান্দা ভ্রাম্যমাণ আদালত কতৃর্ক অভিযানে জব্দ হওয়া ২০০ ঘনফুট বালু উধাও হয়ে গেছে বলে জানা যায়। রবিবার ১৭ই আগস্ট দুপুরে এ বিষয়টি বিশরপাশা তদন্ত কেন্দ্রের উপ—পরিদর্শক (এসআই) মোঃ শাহীদুল ইসলাম নিশ্চিতকরেন। তিনি বলেন জব্দকৃত বালুভর্তি নৌকা উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাদেও নদী থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গত ১৬ই আগস্ট শনিবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় ভ্রাম্যমান আদালত একটি নৌকা আটক করে। এ সময় নৌকার মালিক মধ্যনগরের চামারদানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ বাবুল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০—এর ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নৌকায় থাকা প্রায় ২০০ ঘনফুট বালুও জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। বিশরপাশা তদন্ত কেন্দ্রের উপ—পরিদর্শক (এসআই) মোঃ শাহীদুল ইসলাম বলেন ‘শনিবার রাতে শ্রমিক না পাওয়ায় বালু খালাস করা সম্ভব হয়নি। কিন্তু রবিবার সকালে ঘাটে গিয়ে দেখি নৌকাটি নেই। জব্দকৃত বালু উদ্ধারে নৌকার মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’ ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মাহমুদুল হাসান জানান, ‘অভিযানে জরিমানা আদায় করা হয়েছে এবং মৌখিকভাবে পুলিশকে বালুগুলো সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছিল।’
Leave a Reply