কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় মাদক ও জুয়ার আসরে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চাপাতি, রামদা, ছুরিসহ ১১টি দেশীয় অস্ত্র ও ৫ পিস ইয়াবা এবং নগদ ২২ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন—উপজেলার সরাপাড়া এলাকার রফিকুল ইসলাম (৫০), উপজেলা শহরের সাজ্জাদ তালুকদার (৪৮), ওয়াসের পুর এলাকার ঈউসুফ (৫২), নজরুল হক (৫১), এখলাস মিয়া (২৮), আজিজুল হক (৫৮)। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে রফিকুলকে মাদকসহ আটক করা হয়। ওই স্থানেই সাজ্জাদ তালুকদারকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এছাড়া বাকি ৪ জনকে নগদ টাকাসহ জুয়ার আসর থেকে আটক করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply