কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের পশ্চিম শান্তিবাগ এলাকায় পৌরসভার অনুমোদন ছাড়াই আবাসিক ভবন নির্মাণের অভিযোগে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরী। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এ নির্দেশ দেন। এ সময় কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ, উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, ইকবাল মাস্টার নামে এক ব্যক্তি পৌরবিধি না মেনে ভবন নির্মাণ করায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেন। তবে সরেজমিন পরিদর্শনের পর পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহমেদ জানান, ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভার ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। তবে পৌরসভার অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চলছিল। তাই কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর এ বিষয়ে সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য গতকাল (১৭ আগস্ট) এই অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে বহুল সংবাদ প্রকাশ করা হয়।
Leave a Reply