স্টাফ রিপোর্টারঃ ভারতের মেঘালয় রাজ্যে স্থানীয় নাগরিকদের হাতে নিহত হওয়ার ৭ দিন পর ১ বাংলাদেশী নাগরিকের মরদেহ গত ১৭ই আগস্ট ২০২৫ তারিখ ফিরিয়ে দিয়েছে বিএসএফ। কলমাকান্দা মহেশখোলা বিওপির মেইন পিলার ১১৮৮ সংলগ্ন এলাকা দিয়ে বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাংলাদেশী নাগরিকের নাম মোঃ আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। নিহত আকরাম হোসেন গত ১০ আগস্ট ২০২৫ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশ করেন। পরবর্তীতে মেঘালয় রাজ্যের স্থানীয় লোকজন অপহরণের অভিযোগ তুলে গণপিটুনিতে গুরুতর আহত করে আকরাম হোসেনকে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর আইন প্রক্রিয়া শেষে বিএসএফ ও বিজিবির যৌথ সমন্বয়ে শেষ পর্যন্ত কলমাকান্দা’র মহেশখোলা বিওপি দিয়ে মরদেহটি হস্তান্তর করে ভারত। নিহত আকরাম হোসেন এর পরিবারসূত্রে জানা যায়, আকরাম হোসেনের মৃত্যুর খবর প্রথমে তার ভাই শেখ ফরিদ সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে। পরে শেখ ফরিদ বিজিবি এবং ঝিনাইগাতি থানা পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করে, যাতে দ্রুত নিহত আকরাম হোসেন কে বাংলাদেশে আনা যায়। শেখ ফরিদ বলেন-আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, মা শোকে ভেঙে পড়েছেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করেছি, যেন আইনানুগ প্রক্রিয়া শেষে আমার ভাইয়ের মরদেহ দ্রুত আমাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন,“বিএসএফ ও বিজিবির সমন্বয়ে নিহত বাংলাদেশির লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply