স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা পৌরসভার বিভিন্ন এলাকায় টানা এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকরা। বিশেষ করে সদর উপজেলার মোক্তারপাড়া এলাকায় গ্যাসের চাপ প্রায় না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সবকিছুতেই ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো পরিবার। সরেজমিনে দেখা গেছে, সকাল, দুপুর কিংবা রাত—দিনের কোনো সময়ই পর্যাপ্ত গ্যাসের চাপ মিলছে না। চুলায় যে সামান্য আগুন জ্বলছে, তা স্বাভাবিক নীল শিখার পরিবর্তে লাল—কমলা রঙের। ফলে রান্না করতে স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বেশি সময় লাগছে। অনেক পরিবার বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার ব্যয় আরও বেড়ে গেছে। মোক্তারপাড়ার বাসিন্দা ইশতিয়াক ইসলাম সালফি এবং কুড়পাড় এলাকার সাংবাদিক নুর নাহার শশী বলেন, “গত এক সপ্তাহ ধরে নিয়মিত গ্যাস পাচ্ছি না। সকালের নাস্তা, দুপুর ও রাতের রান্না করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক শিশু না খেয়েই স্কুলে যাচ্ছে। বিষয়টি একাধিকবার নেত্রকোণার তিতাস গ্যাস অফিসে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।” একই এলাকার গৃহিণী সেলিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “চুলায় ঠিকমতো আগুন জ্বলে না। বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। মাস শেষে এই অতিরিক্ত খরচ বহন করা আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর।” ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত বিল পরিশোধ করার পরও প্রয়োজনীয় সেবা না পাওয়ায় তারা চরম হতাশ। দীর্ঘস্থায়ী এই সংকট দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসী অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত ও স্থায়ী সমাধানের মাধ্যমে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা হবে।
Leave a Reply