হাফিজ উল্লাহ চৌধুরী আলিমঃ নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং নির্ধারিত মূল্যে সঠিক পরিমাপে তেল বিক্রয় নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে এই মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। অভিযান চলাকালে বিভিন্ন ফিলিং স্টেশনে সরকারি নিয়মাবলি যাচাই করা হয় এবং যেখানেই অনিয়ম পরিলক্ষিত হচ্ছে, সেখানেই মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযান চলাকালীন কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই তদারকি অব্যাহত থাকবে। কোনো অসাধু চক্র যাতে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। জ্বালানি তেলের পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিয়মশৃঙ্খলা রক্ষার্থে সমান্তরালভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন। ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই আইনি তৎপরতা চালানো হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কোনো অবৈধ মজুত বা বিপণনে কারসাজির খবর পাওয়া গেলে তা দ্রুত স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রেখে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, জনস্বার্থে এবং বাজার ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এই নিয়মিত তদারকি ও কঠোর অবস্থান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
Leave a Reply