নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার হাওর, বিল, নদী ও অন্যান্য প্রাকৃতিক জলাশয় থেকে ডিমওয়ালা মাছ ধরা, বিক্রয় ও বিপণন বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নেত্রকোণা পৌরসভার সামনে প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক, পরিবেশকর্মী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং জন উদ্যোগ ও যুবফোরাম নেত্রকোণার আয়োজনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকও। মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। এতে বক্তব্য রাখেন পরিবেশবিদ ও বার ছেলেকে আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, জনউদ্যোগের ফেলু শ্যামলেন্দু পালসহ অন্যান্য বক্তারা। বক্তারা বলেন, নির্বিচারে ডিমওয়ালা মাছ নিধন চলতে থাকলে দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়বে। এর ফলে ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে, যা খাদ্য নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দ্রুত ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রয় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
Leave a Reply