স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী দিবসে দেশজুড়ে চলমান নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের দাবিতে নেত্রকোণায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বাংলাদেশ নারী প্রগতি সংঘ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তারা জেলায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাগুলোর প্রতি ঘৃণা ও ক্ষোভপ্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান ফটক পর্যন্ত গিয়ে শেষ হয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তারা নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Leave a Reply