স্টাফ রিপোর্টারঃ মেডিকেল, বুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া নেত্রকোণার দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া এসব শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার বিকেলে নেত্রকোণা সরকারি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক—শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র, নেত্রকোণা—২ (সদর—বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’—এর আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বাবুল চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির এবং জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আনোয়ারুল হক বলেন, “মা—বাবার দোয়া ছাড়া কেউ ভালো কিছু করতে পারে না।” তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা সরকারি কলেজের সাবেক এজিএস এস. এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজেজুল ফারাস সুজাত, সালাহউদ্দিন খান মিল্কী, জেলা যুবদল নেতা সাহাবুদ্দিন রিপন, আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক, ছাত্র—ছাত্রী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
Leave a Reply