স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুরুর জেলা প্রশাসক কার্যলয়ে এসে শেষ হয়। উপ—পরিচালক, স্থানীয় সরকার (উপসচিব) ও প্রশাসক আরিফুল ইসলাম সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হক সহ জেলা প্রশাসনের কর্মকর্তা—কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। পাশাপাশি বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমাদের প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার—পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।” তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু স্বাস্থ্য সুরক্ষার জন্য নয়, একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ নির্মাণের জন্যও জরুরি। তাই সকলকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানাই।” জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বক্তারা সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply