নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলার সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই নতুন রোগী চিকিৎসা নিতে আসছেন। সর্বশেষ একদিনেই হামের উপসর্গ নিয়ে ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) জেলা সিভিল সার্জন গোলাম মাওলা জানান, গত ১২ দিনে জেলায় হামের সন্দেহভাজন, উপসর্গযুক্ত ও নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এর মধ্যে ৫১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশের বয়স ৯ মাসের নিচে এবং ১৫ থেকে ২০ শতাংশের বয়স ২ বছরের মধ্যে। শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বর্তমানে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুরুতর অবস্থায় থাকা ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর কিছু রোগী বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। আইসোলেশন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের জ্বর, শরীরে লালচে র্যাশসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। রোগটি ছোঁয়াচে হওয়ায় দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সিভিল সার্জন জানান, প্রাথমিকভাবে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে এবং জেলায় হামের টিকার কোনো ঘাটতি নেই। জেলার স্বাস্থ্য সহকারীসহ সংশ্লিষ্ট সব জনবল ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন বলে জানান তিনি।
Leave a Reply