স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা শহরের ব্যবসার প্রাণ কেন্দ্র বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে ৪টি দোকান ও ৪টি বাসাসহ আনুমানিক ৫/৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৭ আগষ্ট) রাতে আনুমানিক সাড়ে ৯ টার দিকে বড় বাজার এলাকার সুচিত্রা স্টোর নামক প্লাস্টিকের খেলনা ও কসমেটিক্স এর দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু কর। আগুন ভয়াবহ আকার ধারন করায় পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে একে একে আরো ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রাণহানি ও সম্পদ রক্ষায় ঘটনাস্থলে পুলিশ বিজিবি মোতায়েন করা হয়। উৎসুক জনতার ভীড়ে ফায়ার সার্ভিসের লোকজনকে আগুন নেভানোর কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। আগুন নেভাতে গিয়ে ৪ জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রনান্তকর চেষ্টায় দীর্ঘ সাড়ে তিন ঘন্টা পর রাত দেড় টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সুচিত্রা স্টোর, মজুমদার ইলেকট্রনিকস ও ক্রোকারিজ, মজুমদার কসমেটিক্স, আরিফ সু স্টোর এবং দোকান সংলগ্ন ৪ টি বাসা পুড়ে ছাঁই হয়ে যায়। এ ব্যাপার নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ খানে আলম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরুপনের কাজ চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৫/৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে শনিবার দুপুরে নেত্রকোণা জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোণা—২ (সদর—বারহাট্রা) আসনে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা—৩ (কেন্দুয়া—আটপাড়া) আসনে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসসহ প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন এবং তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply