স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার সদর উপজেলার নেত্রকোণা—ময়মনসিংহ হাইওয়ে এলাকায় শব্দদূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ই মে) “শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫” লংঘন করে গাড়ীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ০৪ টি বাসে মোবাইল কোর্ট করে ২ টি বাসকে ২,৫০০/— (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। বাকী বাস দুটিকে সচেতন করা হয় এবং ০৩ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহাবুদ্দিন এবং প্রসিকিউশান প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন নেত্রকোণা থানা পুলিশের একদল চৌকস সদস্যবৃন্দ। একইসাথে শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন যানবাহনে স্টিকার সাঁটানো হয়। শব্দদূষণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে জানা যায়। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে এমন অভিযান সচেতনতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শহরের প্রধান সড়ক ও হাইওয়েতে এটি অতি গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত শব্দদূষণ শুধু মানসিক চাপই সৃষ্টি করে না, বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সমস্যা যেমন শ্রবণশক্তি হ্রাস, ঘুমের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। জেলা প্রশাসনও জানিয়েছে, ভবিষ্যতে নিয়মিতভাবে সড়কে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ণ ব্যবহার প্রতিরোধ করা হবে। এটি শুধুমাত্র জরিমানা ও জব্দের মাধ্যমে নয়, বরং জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ বান্ধব গাড়ির ব্যবহার উৎসাহিত করেও কার্যকর করা হবে।
Leave a Reply