নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষ বোর্ড সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব কাইয়ুম চৌধুরী। তিনি এ জি এম শরিফুল আলম খান এর বাৎসরিক বিশেষ বোর্ড সভায় দ্বিতীয়বারের মতো সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আটপাড়া এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। রবিবার (৮ মার্চ) সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত বোর্ড সদস্যরা তার নেতৃত্ব, সততা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রতি আস্থা রেখে আবারও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। এর আগে তিনি সফলতার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করে সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সভা চলাকালে নেত্রকোণা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সহ পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর আলহাজ্ব কাইয়ুম চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বোর্ড সদস্যরা তার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করার চেষ্টা করবেন। তিনি পল্লী বিদ্যুৎ সেবাকে আরও মানসম্মত ও গ্রাহকবান্ধব করতে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, বিদ্যুৎ সেবা মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত সেবা নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও জানান, গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সেবার মান উন্নয়ন, নতুন সংযোগ প্রদান এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। আলহাজ্ব কাইয়ুম চৌধুরীর পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় আটপাড়া উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন। এলাকাবাসীও আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে নেত্রকোণা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হবে।
Leave a Reply