দেশকন্ঠস্বর ডেক্সঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সহকারী সচিব সুলতান আহমদের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত—২০২৫)—এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ, যেটি আগে হবে, ততদিন তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন—ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ—সুবিধাও ভোগ করবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply