নিজস্ব প্রতিবেদক: বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ। নবায়ন, সম্প্রীতি ও সম্মিলনের চিরন্তন বার্তা নিয়ে প্রতিবছরের মতো এবারও নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দিনের কর্মসূচির শুরু হয় সকাল ৯টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের পরনে ছিল লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী বাঙালি পোশাক। শোভাযাত্রার অগ্রভাগে ছিল বিশ্ববিদ্যালয়ের ব্যানার, যেখানে লেখা ছিল বিশ্বকবির সেই অমোঘ বাণী- “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা”। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছিল আবহমান বাংলার ঐতিহ্যবাহী লোকজ মোটিফে সাজানো রঙিন কুলা। ঢাকের ছন্দ আর উৎসবমুখর পদচারণায় পুরো এলাকা হয়ে ওঠে মুখরিত।
Leave a Reply