স্টাফ রিপোর্টারঃ খরিফ—২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নেত্রকোণা সদর উপজেলার ১ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন নেত্রকোণা—২ (সদর—বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকীসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি খরিফ—২ মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়োপযোগী বীজ ও সার সহায়তা কৃষকদের আমন চাষে আরও উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
Leave a Reply