বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলের বিরুদ্ধে নিজ বাবা—মাকে মারধরের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (৪ জুন) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপকর্মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোজাম্মেল হক সোহেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়—দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত শনিবার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে নিজের বাবা—মাকে মারধরের অভিযোগ ওঠে মোজাম্মেল হক সোহেলের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ঘটনার পর কান্নাজড়িত অবস্থায় বৃদ্ধ বাবা তারা মিয়া ও তার স্ত্রী বারহাট্টা উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে বিচার প্রার্থনা করেন। সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের সঙ্গেও কথা বলেন তারা মিয়া।
এ সময় তিনি ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ধরেন বলে দলীয় সূত্রে জানা যায়। স্থানীয়দের দাবি, জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাবা—মায়ের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হক সোহেলের বক্তব্য জানতে একাধিকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে কেন্দ্রীয় যুবদলের বহিষ্কারাদেশ প্রকাশের পর বিষয়টি নিয়ে জেলায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিযোগ প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় নেতৃত্বের দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানের বার্তা বহন করছে। স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply