সৈয়দ সময়ঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযানে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.৬০ গ্রাম হেরোইনসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) ও বৃহস্পতিবার (১৬ জুলাই) বারহাট্টা থানা পুলিশের পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে সিংধা ইউনিয়নের সিংধা চৌরাস্তা বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন সন্দেহে সোনাউল্লার চর গ্রামের মো. রানা আহমেদ (২৬)কে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির কোঁচা তল্লাশি করে কালো প্যাকেটে মোড়ানো ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা সদর ইউনিয়নের গোপালপুর পশ্চিম বাজার মোড় এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. সুমন (৩০) ও মো. মারুফ (২১) নামে দুই যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সুমনের কাছ থেকে দুই পিস ইয়াবা এবং মারুফের কাছ থেকে তিন পুড়িয়া, মোট ০.৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমন মহাজনপাড়া এবং মারুফ বৃ—কালিকা গ্রামের বাসিন্দা। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply