স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার আটপাড়ায় মগড়া নদী থেকে হাত বাঁধা অবস্থায় মোঃ রিজন মিয়া নামের এক বিকাশ কর্মীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার ১০ আগস্ট সকালে জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন তিনি। বিকেল ৩টার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না রিজন মিয়ার। নিহত রিজন মিয়া জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রিজন মোবাইল ব্যাংকিং বিকাশের কর্মী হিসেবে জেলা শহরে কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মতো গত রোববার ১০ আগস্ট সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন। পরে বিকেল ৩টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এতে রিজনের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে নেত্রকোণা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রিজনের পরিবারের লোকজন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদীতে অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এটি রিজনের লাশ বলে শনাক্ত করে তার পরিবারের লোকজন। আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিচয় শনাক্ত করা হয়েছে। নেত্রকোণা সদর হাসপাতালে মরদেহের ময়না তদন্ত করা হয়েছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
Leave a Reply