স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে| শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে| নিহত আলবার খান সামি নেত্রকোণা পৌর শহরের চকপাড়া এলাকার বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চলের বড় ছেলে| তিনি আব্দিল্লাহ& আল-মামুন খান রনির ভাতিজাও| পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন সামি| দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন| তবে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান| তরুণ বয়সে সামির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন , বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে| মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়| অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন| স্থানীয়দের মতে, জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে নির্মিত নেত্রকোণা বাইপাস সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে| তবে সাম্প্রতিক সময়ে সড়কটিতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগও বাড়ছে| বিশেষ করে রাতের বেলায় অতিরিক্ত গতি, অসতর্ক চালনা এবং ট্রাফিক বিধি অমান্যের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা| সচেতন মহলের অভিমত, প্রতিটি সড়ক দুর্ঘটনার পেছনে হারিয়ে যায় একটি সম্ভাবনাময় জীবন, আর আজীবনের জন্য শোক বহন করতে হয় একটি পরিবারকে| তাই মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং রাতের বেলায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন তারা| এদিকে আলবার খান সামির মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন| তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন| পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর বারহাট্টা রোডস্থ জামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে| পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে| নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, “বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যুর খবর আমরা পেয়েছি| খুবেই বেদনাদায়ক| বাইকার চলকদের উদ্দেশ্যে আরো বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলা ও নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং রাতের বেলায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বাইক চালানোর আহ্বান জানান তিনি |”
Leave a Reply