মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পরিচালিত হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। স্থানীয় নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগকে আরও গতিশীল করতে এ কার্যক্রম আয়োজন করে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থা। সোমবার (১৮ই মে) বিকেলে পৌর শহরের দৌলতপুর এলাকায় সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ভাতার টাকা তুলে দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী আসমা আক্তার বিথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাগলাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান চয়ন ও সাইফুল আরিফ জুয়েল। আরও উপস্থিত ছিলেন হস্তশিল্প প্রশিক্ষক ঝরণা আক্তার, বিউটিফিকেশন প্রশিক্ষক দিপালী এবং সংস্থার উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজমল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে ১৮ জন প্রশিক্ষণার্থীকে যাতায়াত ব্যয় বাবদ মোট ৩৪ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি একদিনের জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া ২০ জনকে দুই হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কারণে প্রশিক্ষণ থেকে ঝরে পড়া পাঁচ শিক্ষার্থীর ভর্তি ফিও ফেরত দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, “নারীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজ দুটোই উপকৃত হবে। প্রশিক্ষণের মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” সভানেত্রী আসমা আক্তার বিথী জানান, বর্তমানে তাদের সংস্থা তিনটি উপজেলায় নারীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। প্রশিক্ষণের আওতায় সেলাইসহ বিভিন্ন হস্তশিল্পের ওপর ৪০টি ক্লাস নেওয়া হয়। প্রতিটি ক্লাসে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উপস্থিতির ভিত্তিতে ১৫০ টাকা করে যাতায়াত ভাতা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, “নারীদের ঘরে বসে আয় করার সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অনেকেই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারবেন বলে আমরা আশাবাদী।”
Leave a Reply