মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে মাদক সেবনের সময় হাতেনাতে গ্রেফতার তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সহকারী কমিশনার (ভূমি) তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মোহনগঞ্জ উপজেলার সেখুপুর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৬), সামাইকোনা গ্রামের রইছ মিয়ার ছেলে রাজন মিয়া (৩২) এবং সুনামগঞ্জের ধর্মপাশা সদর এলাকার কাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়াজুল আহমেদ (১৮)। ভ্রাম্যমাণ আদালতে সুজন মিয়া ও রাজন মিয়াকে চার মাস করে এবং রিয়াজুল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের পরে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply