বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে| বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন| তিনি উপস্থিত জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে বাজেট উপস্থাপন করেন| বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন| এছাড়া উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন| বাজেট উপস্থাপনকালে পৌর এলাকার নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, স্যানিটেশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য উন্নয়নমূলক খাতে বরাদ্দের বিষয় তুলে ধরা হয়| বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক আমেনা খাতুন বলেন, মোহনগঞ্জ পৌরসভার নাগরিকদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে| বাজেটের প্রতিটি খাত ¯স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে| অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্যানিটেশন ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে| সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি জনবান্ধব ও উন্নয়নমুখী পৌরসভা গড়ে তুলতে আমরা কাজ করে যাব| অনুষ্ঠানে বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসেবামুখী কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন|
Leave a Reply