নূরুল আমীনঃ নেত্রকোণা—০২ (সদর—বারহাট্টা) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনে আয়োজিত আনুষ্ঠানিকতায় তিনি সংবিধান অনুযায়ী শপথ পাঠ করেন। মঙ্গলবার শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। শপথ গ্রহণের পর তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ অর্জনকে জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই দায়িত্ব কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়; বরং এটি দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সংগ্রামের স্বীকৃতি। শপথ গ্রহণ শেষে গতকাল তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করেন এবং নেত্রকোণা—২ আসনের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পোস্টে তিনি এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর শপথ গ্রহণকে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply