স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় কলেজছাত্র আমির ফয়সাল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি—পেশার শতাধিক মানুষ অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ থাকায় উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। এরপর জেলা প্রেসক্লাবের সামনে নারী—পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী কলেজছাত্রকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। জানা গেছে, গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামুনিকোণা গ্রামে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘবদ্ধ হামলায় কলেজপড়ুয়া আমির ফয়সাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, মামলার এক আসামি শাহজাহানকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply