সৈয়দ সময়ঃ সাংবাদিকতার মূল শক্তি সত্য, নৈতিকতা ও আত্মমর্যাদা। এই পেশাকে ব্যক্তিস্বার্থের হাতিয়ার নয়, বরং জনগণের আস্থা ও রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা—১ (দুর্গাপুর—কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (২২ জুলাই) নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ—গোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট—চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ডেপুটি স্পিকার বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই পেশায় যারা যুক্ত, তাদের সবার আগে নিজের আত্মসম্মান ও পেশাগত মর্যাদা রক্ষা করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, কিছু ক্ষেত্রে ব্যক্তিগত লাভের আশায় সাংবাদিকতার আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে সমাজে এ পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তিনি প্রবীণ সাংবাদিকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীনদের আদর্শনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। নিজের রাজনৈতিক ও জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতার কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোথায় সফলতা, কোথায় ব্যর্থতা—তা সাংবাদিকরা নির্ভয়ে তুলে ধরবেন। গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)—এর প্রথম ভাষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শাসকের ভালো কাজকে উৎসাহিত করার পাশাপাশি ভুলগুলোও সাহসের সঙ্গে তুলে ধরা সমাজ ও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বক্তব্যে তিনি সাংবাদিকতার নামে উগ্র দালালি, বিভ্রান্তি সৃষ্টি এবং অসৎ উদ্দেশ্যে মানুষকে প্রভাবিত করার প্রবণতার কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে সত্য, সততা ও সামাজিক দায়িত্ববোধকে সাংবাদিকতার প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, প্রশিক্ষণ শুধু উপস্থিতি, আপ্যায়ন কিংবা সম্মানী গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকলে তার কোনো মূল্য নেই। প্রকৃত শিক্ষা ও দক্ষতা অর্জনের মধ্য দিয়েই এমন উদ্যোগ সফল হতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, বুম বাংলাদেশের ফ্যাক্ট—চেকার ও এআই বিশেষজ্ঞ আলী আকবর, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং বিরিশিরি ক্ষুদ্র নৃ—গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম। ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলমান এই কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবেন।
Leave a Reply