কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় ছাত্রদলের একাংশের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বৈরাচারের কমিটি, মানি না মানবো না, অযোগ্যদের কমিটি, মানি না মানবো না- এমন বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি হৃদয় আলম, মোবারক হোসেন তালুকদার, মনির মিয়া, খাদেমুল ইসলাম, রাকিব হাসান জিয়া। বক্তারা বলেন, ৫ আগস্টের পর ভিড় জমানো ও সুবিধাবাদী নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রকৃত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোসরদের এ কমিটিতে স্থান দেয়া হয়েছে। তারা আরো বলেন, জামায়াতের পরিবারের কোন সদস্য থাকতে পারে না। অচিরেই নতুন কমিটির বাতিল দাবি জানাই। এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি রাকিব হাসান সানমুন, পারভেজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হাসান চৌধুরী, আবদুল্লাহ নাঈম, হাসিবুর রশিদসহ শতাধিক নেতাকর্মী। এ বিষয়ে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা করা হলে তিনি বলেন, অনেক যাচাই -বাছাই করে যোগ্য ও ত্যাগীদের নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল একটি বৃহৎ সংগঠন। সবাইকে কমিটিতে স্থান দেয়া সম্ভব নয়। তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা সেটা বিবেচনা করে দেখবো। অন্যথায় পুরো কমিটি বাতিলের কোন সম্ভাবনা নেই। উল্লেখ্য গত ৭ আগস্ট গঠিত নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের এক অংশের লাগাতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং টানটান উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply