কেন্দুয়া প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় কোরবানির জন্য মোট ১২ হাজার ২৫৪টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। যেখানে চাহিদার তুলনায় প্রায় ১ হাজার ৮৬৮টি বেশি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৯ হাজার ৬১৭টি এবং ছাগল—ভেড়া ও অন্যান্য পশুর সংখ্যা ২ হাজার ৬৩৭টি। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, খামারী পর্যায়ে হৃষ্ট—পুষ্ট করা হয়েছে ৬ হাজার ৩৩৯টি গরু—মহিষ। এর মধ্যে ষাঁড় ৬ হাজার ২৩৪টি, বলদ ৩টি এবং গাভী ১০২টি। একই পর্যায়ে ছাগল ১ হাজার ৮৫২টি, ভেড়া ১৮৫টি ও অন্যান্য পশুসহ মোট গবাদিপশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬টি। অন্যদিকে পারিবারিক পর্যায়ে প্রস্তুত করা হয়েছে ৩ হাজার ২৭৮টি গরু—মহিষ। এর মধ্যে ষাঁড় ৩ হাজার ২৪০টি, বলদ ২টি এবং গাভী ৩৬টি। এছাড়া ছাগল ৫০০টি ও ভেড়া ১০০টিসহ মোট গবাদিপশুর সংখ্যা ৩ হাজার ৮৭৮টি। সব মিলিয়ে উপজেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত মোট গবাদিপশুর সংখ্যা ১২ হাজার ২৫৪টি। এর বিপরীতে স্থানীয় চাহিদা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩৮৬টি পশু। ফলে চাহিদার তুলনায় উপজেলায় অতিরিক্ত পশু রয়েছে ১ হাজার ৮৬৮টি। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন তারেক বলেন, এ বছর কুরবানির পশুর কোনো সংকট নেই। চাহিদার তুলনায় প্রায় ১ হাজার ৮৬৮টি বেশি পশু প্রস্তুত রয়েছে। এছাড়া রোগমুক্ত ও স্টেরয়েডমুক্ত পশু নিশ্চিত করতে হাট মনিটরিং ও ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম মাঠে কাজ করবে। এ দিকে উপজেলা প্রশাসন ও কেন্দুয়া পৌরসভা সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থায়ী ১২টি ও অস্থায়ী ২২টিসহ মোট ৩৪টি এবং কেন্দুয়া পৌরসভার আরো ১টি স্থায়ীসহ মোট ৩৫টি পশুর হাট রয়েছে।
Leave a Reply