আটপাড়া থেকে নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা ২নং শুনই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্বল্প শুনই গ্রামে জনসাধারণকে অগ্নিকাণ্ড বিষয়ে সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আটপাড়ার উদ্যোগে এক অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় স্বল্প শুনই মোড় এলাকায় এই মহড়া ও প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে ধারণা দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিকভাবে করণীয় সম্পর্কে হাতে—কলমে প্রশিক্ষণ প্রদান করা। প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোস্তাফিজুর রহমান। তিনি অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন, “সামান্য অসচেতনতা থেকেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আগুন ব্যবহারে সতর্কতা ও প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সবার জানা থাকা অত্যন্ত জরুরি।” তিনি আরও জানান, গ্রাম পর্যায়ে নিয়মিত এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ চালু থাকলে অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ সময় প্রশিক্ষণে অংশ নেন ফায়ার সার্ভিসের ড্রাইভার ফয়সাল আহম্মেদ, ফায়ার ফাইটার মোঃ আল—আমিন, জোনাঈদ উল্লাহ, রাসেল রানা ও ইউসুফ আলী। তারা আগুন নেভানোর বিভিন্ন কৌশল, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে কীভাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং রান্নাঘর বা ঘরে আগুন লাগলে প্রাথমিকভাবে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়—এসব বিষয় হাতে—কলমে দেখান। মহড়া চলাকালে কৃত্রিমভাবে আগুন জ্বালিয়ে তা নিরাপদ উপায়ে নেভানোর প্রদর্শনী দেওয়া হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনেকেই নিজেরাই আগুন নেভানোর কৌশল প্রয়োগ করে দেখার সুযোগ পান। প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, এ ধরনের কর্মসূচি তাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে এবং তারা আগুন সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় আগের চেয়ে বেশি সচেতন হবেন। স্থানীয় জনগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকি তুলনামূলক বেশি থাকলেও সচেতনতামূলক প্রশিক্ষণের অভাব রয়েছে। ফায়ার সার্ভিসের এই উদ্যোগ নিয়মিত হলে জানমাল রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply