নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণার আটপাড়া উপজেলার বিভিন্ন বিল ও হাওড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টির নেতৃত্বে লনেশ্বর ইউনিয়নের শিয়ালী বিল, আশকুড়ি বিলসহ বিভিন্ন হাওড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ৫০টি চায়না জাল, ২০টি কারেন্ট জাল এবং দুটি বড় কোনাবের জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান বলেন, মা মাছ সংরক্ষণ ও ছোট মাছকে বড় হওয়ার সুযোগ দিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সভা—সমাবেশও করা হচ্ছে। তিনি আরও বলেন, “মাছের বংশ রক্ষা এবং জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” মৎস্য বিভাগ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply