নুর মোহাম্মদ খানঃ “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় আটপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, আটপাড়া, নেত্রকোণা’র উদ্যোগে আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমেন, আটপাড়া থানার ওসি তদন্ত প্রদিব কুমার, উপজেলা আইসি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগে কীভাবে দ্রুত ও নিরাপদে সরে যেতে হবে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে—এসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট বিভাগের সদস্যরা অংশগ্রহণ করে অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কার্যক্রম, আগুন নিয়ন্ত্রণ এবং আহত ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। মহড়াটি উপস্থিত সবার মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে এবং দুর্যোগ পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ তৈরি করে। আয়োজকরা জানান, দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় জনসাধারণকে সচেতন ও প্রস্তুত করে তুলতেই এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply