স্টাফ রিপোর্টারঃ তেলিগাতী সরকারি কলেজ, আটপাড়ায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, তবে অভিভাবকদের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের জানমালের ওপর আঘাত হানা চাঁদাবাজিকে আমরা কঠোর হস্তে দমন করব। পাশাপাশি, একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে আমাদের অনড় থাকতে হবে এবং যেকোনো মানসিক সংকটে আত্মহত্যার পথ না বেছে নিয়ে জীবনকে ভালোবাসতে শিখতে হবে। মনে রাখবেন, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই; আপনারা নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ” এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল, নেত্রকোণাসহ অত্র কলেজের শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র—ছাত্রী ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply