নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণার আটপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর অন্তর (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ মে) বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অন্তর উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে অন্তর নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার দুপুরে টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি অন্তরের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের ভাই ফেরদৌস মিয়া জানান, অন্তর প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন জায়গায় চলে যেত এবং কয়েকদিন পর আবার ফিরে আসত। শনিবার মধ্যরাতের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রোববার দুপুরে মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা অন্তরের মরদেহ দেখতে পান। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply