নুর মোহাম্মদ খানঃ নেত্রকোনার আটপাড়া উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবায়দুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি আয়োজন করা হয় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। এদিকে নববর্ষকে বরণ করতে উপজেলার তরুণ—তরুণীরা রঙিন পোশাকে সেজে উৎসবে অংশ নেয়, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।
Leave a Reply