কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ার মাসকা ইউনিয়নের সাতাশি নামাপড়া গ্রামের কৃষক আব্দুল মোতালিবের আলগা ঘরে অগ্নিকাণ্ডে দুটি গরু বাছুর অর্ধদগ্ধ এবং খাট, ধান, পাটকড়ি, কুড়া, ভূষি, লাকড়ি ও একটি বাইসাইকেল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগীদের ধারণা মশা—মাছি তাড়ানোর জন্যে ঘরে রাখা কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন তারেকসহ সংশ্লিষ্টরা আহত বাছুরদের প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছেন বলে মুঠোফোনে নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান। কৃষক আব্দুল মোতালিব ও তাঁর পরিবারের দাবি সবমিলিয়ে প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। আব্দুল মোতালিব বলেন, মনে হয়— কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, বিষয়টি জানা ছিলো না। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply