কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় গণপরিবহনে ভাড়া মনিটরিংয়ের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালককে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (৩ জুন) দুপুর ১২টায় কেন্দুয়া সদর বাসস্ট্যান্ডে আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেন্দুয়া থেকে ময়মনসিংহগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় এক সিএনজি চালককে ২ হাজার টাকা এবং কেন্দুয়া থেকে গাজীপুরগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় অপর এক সিএনজি চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮—এর ৩৪ ধারায় দায়ের করা দুইটি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করাসহ নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করে যাত্রীসেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
Leave a Reply