সুজাদুল ইসলাম ফারাসঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মূহুর্তে মঙ্গলবার রাতে নেত্রকোনা —৩ আসনের (আটপাড়া— কেন্দুয়া) আসনে কেন্দুয়ায় বিএনপি দলীয় প্রার্থী ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এ সংঘর্ষের ঘটনা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো দুইজন হলেন— নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল হালিম ও ইউনিয়ন কৃষকদলের সদস্য মোনতাজ মিয়া। দুইজনের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে। দুইজনই বিএনপির ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গারাউন্দ ও দেওপাড়া গ্রাম দুইটি পাশাপাশি অবস্থান। নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই দুই গ্রামের লোকজনই রাতে নির্বাচন নিয়ে আলাপ— আলোচনা করতেন। এর মধ্যেই গত মঙ্গলবার রাতে নির্বাচন নিয়ে বিএনপি দলীয় প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর ধানের শীষের সমর্থক যুবদল নেতা আবদুল হালিম ও বিএনপির বিদ্রোহী দেলোয়ার হোসেন ভূইয়ার ঘোড়া প্রতীকের অনুসারি গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের অনুসারিরা সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকীদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেনা সদস্যরাও ঘটনাস্থলে যান। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।
Leave a Reply