কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতার প্রস্তুতিকালে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর (৪২) রাজনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন যুবলীগের নেতা ও সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিয়ার সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঞা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গ্রেফতারের নিন্দা জানান। তিনি দাবি করেন, আবু বক্করকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারিও দেন। এ বিষয়ে কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে প্রথমে তাকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের অধীনস্থ একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বর-২৪।
Leave a Reply