কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান| বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম| সভার শুরুতে উপস্থিত অতিথিদের পরিচয় পর্ব শেষে উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক পটভূমি ও সার্বিক উন্নয়নচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়| এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ছাদেকুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ ফারুকী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা| প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, কেন্দুয়ার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পটভূমির প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে| খেলার মাঠ, শিশু পার্কসহ বিভিন্ন দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো| তিনি আরও বলেন, আপনাদের জন্য আমার অফিসের দরজা সবসময় খোলা| সভা শেষে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান| এর আগে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেন| এছাড়াও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে গবাদিপশু বিতরণ এবং কেন্দুয়া পৌরসভার উদ্যোগে রিক্রিয়েশন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি|
Leave a Reply