কোহিনূর আলমঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম—উল ইসলাম চৌধুরী। সভায় বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং ভূমি সংক্রান্ত সেবা এখন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়েছে। নির্ধারিত ফি (সার্ভিস চার্জ) এর বিনিময়ে বিভিন্ন ভূমিসেবা গ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় তখন। এ সময় ভূমি উন্নয়ন কর প্রদান (ফ্লো—ডায়াগ্রাম), খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ (ফ্লো—ডায়াগ্রাম), নামজারি, ভূমি সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত জনসাধারণকে অবহিত করা হয়। অনুষ্ঠান শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা — কর্মচারীগণ, শিক্ষক, শিক্ষার্থী, সেবা গ্রহীতা, সুধীজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভার্চুয়ালি সারা দেশেই এ জাতীয় ‘ভূমিসেবা মেলা ২০২৬’—এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
Leave a Reply