কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় মাদক, জুয়া, গরুচুরি ও বাল্যবিবাহ রোধে ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকালে কেন্দুয়া থানা চত্বরে কেন্দুয়া থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নেত্রকোণা—৩ (কেন্দুয়া—আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি) ও কেন্দুয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাহিদুর রহমান। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, উপজেলা জামায়াতের আমির মো. ছাদেকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবাসায়িক ও অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। বক্তারা সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশেষ করে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে সমস্যা সমাধানে কাজ করার তাগিদ দেন। বিশেষ করে নতুন প্রজন্মকে অনলাইন জুয়া ও মাদক থেকে রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থী ও যুবকদের জ্ঞাতার্থে উল্লেখ করেন, মোবাইলে অনলাইন জুয়ার কোন অ্যাপস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন , আমার দলের কোন নেতা—কর্মীও যদি মাদক জুয়া ও চুরির সাথে সম্পৃক্ত থাকে তাহলে অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক না কেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, থানা পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply